টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত কয়েক দিনে সাপের কামড়ে অন্তত ৭৫ জন আহত হয়েছেন।
রোববার (১২ জুলাই) বিকেলে এ তথ্য জানান চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সাপের কামড়ে আক্রান্তদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম মজুত রাখা হয়েছে।
তিনি আরও জানান, বন্যাদুর্গত এলাকায় বিশেষ মেডিকেল টিম নিয়মিত চিকিৎসাসেবা দিচ্ছে। এসব দল দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন পৌঁছে দিচ্ছে। পাশাপাশি অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ শিশুদের দ্রুত নৌকাযোগে হাসপাতালে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, বন্যা ও পাহাড়ধসের ঘটনায় চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে। এর মধ্যে কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙ্গামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন মারা গেছেন।
এ ছাড়া বিভিন্ন জেলায় মোট ৩৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জন রয়েছেন।
দেশ বাংলা টিভি ডেক্স